রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে বড়সড় সাফল্য পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা। সভাপতি, সহ-সভাপতি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি— তিনটি শীর্ষ পদেই ঘাসফুল শিবিরের প্রার্থীদের হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। এই ফলের পর বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি গোটা আইনজীবী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের এই অভ্যন্তরীণ নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মহলে টানটান উত্তেজনা ছিল। ভোট গণনা শেষে দেখা যায়, সভাপতি পদে ১৮-৮ ব্যবধানে জয় পেয়েছেন সমীর পাল। সহ-সভাপতি পদে অজয় চৌবে ১৭-৯ ব্যবধানে জয়ী হয়েছেন। একই ভাবে বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন অরুণ সরকার, তিনিও ১৭-৯ ব্যবধানে জয়লাভ করেছেন।
নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, যদিও এই নির্বাচনে কোনও দলীয় প্রতীক থাকে না, তবুও প্রার্থীদের রাজনৈতিক পরিচয় রয়েছে। সভাপতি পদে জয়ী সমীর পাল বিজেপির দীর্ঘদিনের একনিষ্ঠ শুভানুধ্যায়ী ও পুরনো সমর্থক। আগের তুলনায় শক্তি বহু গুণ বাড়িয়ে বিজেপি সমর্থিত প্রার্থীরা এই জয় ছিনিয়ে নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, গোটা পশ্চিমবঙ্গের কয়েক হাজার আইনজীবী রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছেন। এই বিপুল সমর্থনের জন্য তিনি গোটা আইনজীবী সমাজের প্রতি কৃতজ্ঞতা জানান।
একই সঙ্গে আদালতের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আগামী দিনের রূপরেখাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য জুড়ে আইনজীবীরা যে সমস্ত পরিকাঠামো ব্যবহার করেন, সেখানে নানা ধরনের সমস্যা রয়েছে। উৎসবের মরসুম মিটলেই নবনির্বাচিত বার কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার। আইনজীবীদের স্বার্থে এবং আইনি পরিকাঠামোর আধুনিকীকরণে একাধিক নতুন পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।















