বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ৬৫ বছর বয়সী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযোগ, পুরো বিষয়টি নিয়ে মুখ খুললে  নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নাসির উদ্দিন মোল্লা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে বাদুড়িয়া থানার পুলিশ (Baduria Police Station)। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য।

আরও পড়ুন: প্যান্ডেল হপিংয়ে বাধা বৃষ্টি! তৃতীয়া থেকেই আবহাওয়ায় নজর, একনজরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পূর্বাভাস


পরিবার সূত্রে খবর, সপ্তম শ্রেণির ১৪ বছরের ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বৃদ্ধ। এমনকি ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তবে কোনওক্রমে অভিযুক্তের কবল থেকে বেরিয়ে এসে মায়ের কাছে গোটা ঘটনা জানায় ওই ছাত্রী।


বিষয়টি সামনে আসতেই পরিবারের সদস্যরা বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করার কথা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ করবে জানিয়েছে পুলিশ আধিকারিক। তবে এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা।