মঙ্গলবার বিকেলে দিল্লি (Delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও এদিন জরুরি বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিকেল সাড়ে তিনটের বিমানে রাজধানীর উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। সূত্রের খবর, বৈঠকে দেশের পাশাপাশি দিল্লির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে। 

আরও পড়ুন: অনুপ্রবেশের ছকে বড় ধাক্কা, বিস্ফোরণে মৃত্যু লস্কর কমান্ডারের

দিল্লি সফরের আগে মঙ্গলবার রানাঘাটের চারের পল্লির দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই নিজের দিল্লি যাত্রার কথা জানান তিনি। প্রভু চৈতন্যদেবের পুণ্যভূমি নদিয়ার রানাঘাটে দুর্গাপুজো ঘিরে ভক্তদের শুভেচ্ছাও জানান শুভেন্দু। পুজোর মঞ্চ থেকে বাংলার উন্নয়ন নিয়েও একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থানের সুযোগ বাড়ানো থেকে শুরু করে রাজ্যজুড়ে তীর্থক্ষেত্র সার্কিট তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি, মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের প্রসঙ্গ টেনে নতুন করে ১২ হাজার ৪০০টি পুজোকে অনুমোদন দেওয়ার কথাও জানান।

আরও পড়ুন: বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার প্রৌঢ়

এদিন দুর্গাপুজোর পাশাপাশি আসন্ন রাস উৎসব নিয়েও আশাপ্রকাশ করেন শুভেন্দু। তাঁর কথায়, জেলাগুলিতে দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামী উৎসবগুলিও যাতে নির্বিঘ্নে কাটে, সেই প্রার্থনা করেন তিনি। একইসঙ্গে রাষ্ট্রবিরোধী শক্তিকে পরাস্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রানাঘাটের পুজো মঞ্চ থেকে দেওয়া বার্তার পর এখন নজর দিল্লির বৈঠকের দিকে। অমিত শাহের সঙ্গে শুভেন্দুর এই সম্ভাব্য বৈঠকে কী আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।