চিটফান্ড সংস্থা ভিবজিওরের (The chit fund company Vibgyor) সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগে এবার তদন্তের পরিধি বাড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশে গঠিত কমিটির তত্ত্বাবধানে থাকা সম্পত্তির মালিকানা কীভাবে বদলাল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই লেনদেনের নেপথ্যে কোনও বেআইনি আর্থিক কারবার রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইডিকে বিস্তারিত তদন্তের দায়িত্ব দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের (Justice Rajarshi Bharadwaj and Justice Sudip Deb) বেঞ্চের নির্দেশ, এখনও যেসব সম্পত্তি বাজেয়াপ্তের আওতায় আসেনি, সেগুলি সুরক্ষিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

আরও পড়ুন: রকেটের গতিতে ছুটল বাজার! একদিনেই ৪ লক্ষ কোটির বেশি লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

শুনানিতে রাজ্যের পেশ করা প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে একাধিক সম্পত্তির মালিকানা পরিবর্তনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ডুয়ার্স অঞ্চলের প্রায় ৫৪ কোটি টাকা মূল্যের সম্পত্তিও রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা অন্যান্য সম্পত্তি নিয়েও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। আমানতকারীদের পক্ষে আইনজীবীদের বক্তব্য, বিভিন্ন সংস্থার নামে সম্পত্তি স্থানান্তরের মাধ্যমে আদালতের নিষেধাজ্ঞা এড়িয়ে বিক্রির পথ তৈরি করা হয়েছে। ফলে সম্পত্তি রক্ষার জন্য গঠিত কমিটির নজরদারি সত্ত্বেও কীভাবে এই লেনদেন চলল, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

আরও পড়ুন: বিক্ষোভের জেরে অবরুদ্ধ দিল্লি! ব্যাপক লোকসানে হাই কোর্টের দ্বারস্থ ক্ষুব্ধ ব্যবসায়ীরা

আগামী ২৬ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি। তার আগে রাজ্য সরকার, সংশ্লিষ্ট কমিটি ও ইডিকে নিজেদের তদন্তের বিস্তারিত তথ্য আদালতে পেশ করতে হবে। সম্পত্তি হস্তান্তরের ঘটনায় কারা জড়িত এবং কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা নির্ধারণের পাশাপাশি বাকি সম্পত্তি সুরক্ষিত রাখাও এখন আদালতের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।