ক্যানসারের (Cancer) চিকিৎসা মানেই দীর্ঘ লড়াই। এক দিকে রোগীর সুস্থতা অন্য দিকে চিকিৎসার বিপুল খরচ সামলানোর চাপ। অনেক পরিবারের কাছেই এই আর্থিক বোঝা হয়ে ওঠে বড় উদ্বেগের কারণ। সেই পরিস্থিতিতে ক্যানসারের ওষুধের দাম কমাতে বড় পদক্ষেপের কথা জানাল কেন্দ্রীয় সরকার (Central Government)। সুপ্রিম কোর্টে (Supreme Court) সলিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছে , ক্যানসারের ওষুধের (Cancer Medicine) সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি-র ক্ষেত্রে ওষুধ বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মুনাফার হার ৩০ শতাংশে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ কার্যকর হলে ওষুধের দাম উল্লেখযোগ্য ভাবে কমতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: মহাসপ্তমীতে শাহর বঙ্গ সফর, একদিনে ঠাসা পুজো পরিক্রমার সূচি


কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ক্যানসারের ওষুধের সর্বোচ্চ খুচরো দাম ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে অনুমান। সেই সঙ্গে রোগীদের বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে বলেও জানানো হয়েছে। তবে কোন কোন ওষুধের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে এবং বাস্তবে কতটা দাম কমবে তা এখনও সামনে আসেনি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত নির্দিষ্ট কিছু ক্যানসারের ওষুধের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। ওষুধের দাম নিয়ন্ত্রণকারী জাতীয় সংস্থা এনপিপিএ ৮ অক্টোবরের বৈঠকে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। কোন কোন ওষুধ এই তালিকায় থাকবে, তা চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হবে। বাজারের পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে ওই তালিকায় আরও ওষুধ যুক্ত হতে পারে। 


এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ওষুধের কেনা ও বিক্রির দামের মধ্যে বিপুল ফারাকের অভিযোগ। এর আগে সুপ্রিম কোর্টে শুনানির সময় উঠে আসে, খুচরো বিক্রেতার কাছে ২,৭০০ টাকায় পৌঁছনো একটি ক্যানসারের ওষুধের সর্বোচ্চ খুচরো দাম কীভাবে ২৭ হাজার টাকা হতে পারে। আদালত এই বিপুল মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এরপরেই ক্যানসারের ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।