মহালয়ার সন্ধেয় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah)। তবে শেষ মুহূর্তে বাতিল হয় তাঁর বঙ্গ সফর। এবার মহাসপ্তমীতে বঙ্গে আসছেন শাহ। সূত্রের খবর, ওই দিন কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বেলুড় মঠেও (Belur Math) যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর এটাই বাংলার প্রথম দুর্গাপুজো। ফলে উৎসবের মরশুমে শাহের এই সফর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে শাহের দুর্গাপুজোয় বাংলায় আসা এই প্রথম নয়। এর আগেও EZCC- তে বিজেপির আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, মহাসপ্তমীর সকালে বেলুড় মঠে পুজো ও দর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করতে পারেন শাহ। সেখান থেকে যাওয়ার কথা বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজোয় (Durga Puja at Bally's Deshbandhu Club)। এরপর কলকাতায় ফিরে সৌজন্য ক্লাবের পুজো পরিদর্শনের সম্ভাবনা রয়েছে তাঁর। দুপুর দেড়টা নাগাদ চেতলা ২৪ পল্লির পুজো মণ্ডপে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে দুপুর ২টো নাগাদ গন্তব্য শোভাবাজার রাজবাড়ি (Shobhabazar Rajbari)। এরপর শ্রীভূমির দুর্গাপুজোও ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। মহালয়ায় শেষ পর্যন্ত বাংলায় আসা হয়নি শাহের। এবার মহাসপ্তমীতে তাঁর সফর বাস্তবায়িত হয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।















