দেবীপক্ষের দ্বিতীয়া তিথির সকাল থেকে বৃষ্টিহীন বাংলা। যদিও পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস (rain forecast) দিয়েছে হাওয়া অফিস (Weather Department)। পাঁচদিন ধরে প্যান্ডেল হপিং থেকে রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া দাওয়ার স্পেশাল পুজো প্ল্যানিংয়ের মাঝেই আবহাওয়ার খবরে নজর বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ। ফলে পুজোর দিনগুলোতে বৃষ্টি দুর্যোগ বজায় থাকতে পারে।
মৌসম ভবন (IMD) জানিয়েছে, মালাক্কা প্রণালীর উপর একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯.৪ কিলোমিটার উচ্চতায় অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৩ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে প্রবেশ করতে পারে ঘূর্ণাবর্ত। সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এর গতিপথের উপরে নির্ভর করছে পুজোর সময় বাংলায় কতটা বৃষ্টি হবে। নিম্নচাপ যদি উত্তর বঙ্গোপসাগর উপকূলের দিকে এগিয়ে আসে তাহলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী পড়েছে শুক্রবার (১৬ অক্টোবর)। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হালকা বৃষ্টি চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। দুর্গাপুজোর সপ্তমীতে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন ভিজবে পাহাড়ও। কালিম্পং ও দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ দিন অষ্টমীতে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বর্ষণমুখর আবহাওয়া থাকবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।















