মায়ানমার উপকূলের নিম্নচাপের ভ্রুকুটি বাংলার জন্য পুজোর মরশুমে কতটা দুর্যোগ তৈরি করতে পারে তা নিয়ে বাড়ছিল উদ্বেগ, তবে বুধবার সকালে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল নিম্নচাপ শক্তি হারিয়েছে। তাই আপাতত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) নেই। সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল আপাতত মায়ানমার ও ত্রিপুরার দিকে এগোচ্ছে। তবে পুজোর মুখে একেবারেই শুষ্ক আবহাওয়া থাকবে না। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে বিকেল পর্যন্ত।
আরও পড়ুন: পুজোর পরেই ঘূর্ণিঝড়! প্রভাব পড়তে পারে পর্যটনকেন্দ্রগুলিতে
হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় বুধবার সকাল থেকেই আকাশ আংশিক পরিষ্কার। রোদের দাপট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট গরমও অনুভূত হচ্ছে। স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হলে বিকেলের পর দুই এক ফোঁটা বৃষ্টি হতে পারে।আগামী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।
















