গণেশ চতুর্থী শেষে এবার বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি শুরু বঙ্গ জুড়ে। উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই ভ্যাপসা গরমে নাভিশ্বাস দশা বাঙালির। বৃষ্টি কমতেই তীব্র রোদের ঝলকানি আর আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে মঙ্গলবার সকাল থেকে ঘর্মাক্ত দক্ষিণবঙ্গ (South Bengal weather)। যদিও শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এদিন দুপুরের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে পাহাড়ে। কালিম্পং ও জলপাইগুড়িতে আজ দুর্যোগের হলুদ সর্তকতা রয়েছে।। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার রাজস্থান ও গুজরাটের নিম্ন চাপের উপর দিয়ে রাউরকেল্লা আর দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কার্যত হবে না। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলাবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

মঙ্গলবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। সেক্ষেত্রে দিনভর ভ্যাপসা গরম অনুভূত হবে। বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আসন্ন দুর্গাপুজোর আবহাওয়া সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ হাওয়া অফিসের কর্তারা।