দিন কয়েক আগেই বর্ষা (Monsoon) বিদায়ের ঝলমলে আকাশে পুজোর আবহাওয়ার পূর্বাভাস মিলেছিল, তবে পিতৃপক্ষেই বদলে গেল প্রকৃতির ছবি। শারদীয়ার আগমনের আগেই দক্ষিণবঙ্গের আকাশে ঘূর্ণাবর্ত- নিম্নচাপের জোড়া দুর্যোগ! বুধবার দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে।
এদিন সকাল থেকে রোদের তীব্রতা প্রায় নেই বললেই চলে। বেশিরভাগ জেলাতেই আকাশের মুখ ভার। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর থাকা একটি নিম্নচাপের বিস্তৃতি ঝাড়খণ্ড, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত রয়েছে। আবার এদিকে উত্তরবঙ্গ থেকে মহারাষ্ট্র পর্যন্ত আরেকটি নিম্নচাপ বিস্তৃত। এরই সঙ্গে যোগ হয়েছে কেন্দ্রীয়গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত। ফলে বর্ষা দুর্বল হলেও মাতৃপক্ষ শুরু হওয়ার আগে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ শহরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আজ বেলার দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।দু’-একটি জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।















