বৃষ্টি দুর্যোগ কাটতেই আকাশে রোদের দেখা মিলেছে। শরতের উজ্জ্বল আবহাওয়ায় শারদীয়া আগমনের ঝলক চোখে পড়েছে। কিন্তু যেভাবে বেলা গড়াতেই অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়ছে তাতে নাজেহাল অবস্থা অফিসযাত্রীদের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। পুজোতেও দুর্যোগের আশঙ্কা কম।

হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই দুর্গাবন্দনায় মেতে উঠবেন আট থেকে আশি। গত কয়েকদিন ধরে যেভাবে নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত দাপট দেখিয়েছে তাতে অনেকের মনে প্রশ্ন ছিল এই মরশুমে বর্ষা কি আদৌ বিদায় নেবে? এবার আবহাওয়া নিয়ে বড়সড় স্বস্তি দিয়ে হাওয়া অফিস জানালো, আপাতত রাজ্যজুড়ে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাই নিশ্চিন্তে পুজো প্রস্তুতিতে ব্যস্ত হতে পারবেন সকলে। মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ একেবারে রোদ ঝলমলে। স্থানীয়ভাবে মেঘ জমলে পার্শ্ববর্তী জেলায় দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি হবে না। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় দিনভর অস্বস্তিকর গরম অনুভূত হবে। 

উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আজ কোচবিহার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। বড় কোনও দুর্যোগের আশঙ্কা আপাতত নেই।