শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা থাকবে। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকার পূর্বাভাস। রবিবারও একই ধরনের আবহাওয়া (Weather) চলতে পারে।

তবে সপ্তাহের মাঝামাঝি ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। বুধবার থেকে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও শনিবার দার্জিলিং-সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের পর উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

আগামী দিনের এই বৃষ্টির পিছনে বঙ্গোপসাগর সংলগ্ন আবহাওয়ার পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। থাইল্যান্ডের (Thailand) উপর থাকা ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে পৌঁছে নিম্নচাপ তৈরি করতে পারে। পরে সেটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবও রয়েছে। অন্যদিকে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বঙ্গোপসাগর নিয়ে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।