বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তির সঞ্চয় করে ধেয়ে আসছে বাংলার দিকে! সমুদ্রে সক্রিয় সিস্টেম জন্ম দিয়েছে 'অর্ণব' সাইক্লোনের (Cyclone Arnab), এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ইতিমধ্যেই রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস স্পষ্ট করে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিস জানিয়েছে, সরাসরি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা না হলেও পরোক্ষ প্রভাব পড়বে।

মঙ্গলবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল হয়তো নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে আটকে থাকবে, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না। কিন্তু বেলা গড়াতেই ছবিটা বদলাতে শুরু করেছে। ইতিমধ্যেই দুই ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছিল সিস্টেমটি, পুরী থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ছিল ঘূর্ণাবর্ত। নিম্নচাপ শক্তি বাড়িয়ে বুধবার গভীর রাত বা বৃহস্পতিবার ভোরের মধ্যে উত্তর অন্ধপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে প্রবেশ করতে পারে। অর্ণবের সম্ভাব্য ল্যান্ডফল ওড়িশা-অন্ধ্রপ্রদেশ সীমান্ত।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উপকূল অঞ্চলে অর্ণব ঘূর্ণিঝড় তাণ্ডব দেখাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেভাবে ঝড় না হলেও বৃষ্টির দাপট বাড়বে।