পুজোর মাস পড়ে গেছে। কিন্তু বৃষ্টির ভ্রুকুটি কাটল কি? গান্ধী জন্মজয়ন্তীর সকালে দক্ষিণবঙ্গের কোথাও রোদ কোথাও আবার মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বক্তির মাঝেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। অর্থাৎ পুজো প্রস্তুতির ঢাকে কাঠি পড়তে না পড়তেই বৃষ্টি বিঘ্নিত হতে পারে শপিং। 

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) বুলেটিন জানিয়েছে বঙ্গোপসাগরে বড়সড় কোনও নিম্নচাপ না থাকায় সাইক্লোন সংক্রান্ত আপডেট নেই। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শহর জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। দুপুরের পর বৃষ্টি নামতে পারে কিছু জায়গায়। এদিন হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ এক-দু’পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।

উত্তরে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।উত্তর দিনাজপুরের দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। শনিবারও উত্তরবঙ্গের আবহাওয়ার বিশেষ কোনও রদবদল হবে না বলেই মনে করা হচ্ছে।