রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সকালে আটক করা হয় বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। আমজনতা উন্নয়ন পার্টির প্রধানের বিরুদ্ধে ভোট চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগে পুলিশের এই পদক্ষেপ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সকাল ন'টা নাগাদ বেলডাঙ্গার এসডিপিও জানান হুমায়ুনকে অফিশিয়াল ভাবে গ্রেফতার করা হয়েছে।পুলিশ শুভেন্দু অধিকারীর সরকারের দলদাস হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন হুমায়ুন। রিপোর্ট তলব করলো সিইও দফতর। 

মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা রেজিনগরে। উপনির্বাচনের দিন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও গোলমালের আশঙ্কায় পুলিশ হুমায়ুন কবীরকে আটক করে। AJUP নেতা দলীয় কার্যালয় থেকে বেরোনোর সময় তাঁকে আটক করা হয়। নওদার বিধায়ক প্রতিবাদ করলে তাঁকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। তাঁকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর মিলেছে। আইন ভাঙার অভিযোগে তাঁর গ্রেফতারির কথা পড়ে নিশ্চিত করেন বেলডাঙ্গার এসডিপিও। কেন এই পদক্ষেপ করা হল তা বিস্তারিত জানতে অবিলম্বে জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন। 

অন্যদিকে নন্দীগ্রামেও সকাল থেকে দফায় দফায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বাইরে থেকে বাইক বাহিনী ঢুকছে, অবিলম্বে সব সীমান্ত সিল করার দাবি কংগ্রেসের।