বিরাটিতে এসএফআইয়ের (SFI) কর্মসূচিতে হামলার ঘটনায় সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক আকাশ করকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মুক্তির দাবিতে সোমবার শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলের ডাক দেয় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। মিছিল কলেজ স্ট্রিটে পৌঁছনোর পর সেখানে অবস্থান বিক্ষোভে বসেন সংগঠনের কর্মী-সমর্থকেরা। 

আরও পড়ুন: উৎসব মরশুমে হকার উচ্ছেদ নয়: মানবাধিকার কমিশন

মিছিল ও অবস্থানকে ঘিরে কলেজ স্ট্রিট চত্বরে মোতায়েন করা হয় পুলিশ (Kolkata Police)। পরিস্থিতি সামাল দিতে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিক্ষোভকারীদের সরানোরও চেষ্টা করা হয়। তবে আকাশ করের মুক্তির দাবিতে নিজেদের কর্মসূচিতে অনড় থাকেন এসএফআই কর্মী-সমর্থকেরা।

এসএফআইয়ের এই কর্মসূচির জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় মধ্য কলকাতার (Kolkata) একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। কলেজ স্ট্রিট-সহ সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় তৈরি হয় তীব্র যানজট (Traffic Jam)। অফিসফেরত মানুষ থেকে শুরু করে সাধারণ নিত্যযাত্রী—দীর্ঘক্ষণ রাস্তায় আটকে পড়ে নাভিশ্বাস ওঠে শহরবাসীর। সেইসঙ্গে সামনেই দুর্গাপুজো। চলছে কেনাকাটা। রাস্তায় যানজট হচ্ছে। একাধিক জায়গায় গাড়ির গতি কার্যত শ্লথ হয়ে যায়। কোথাও আবার কয়েকশো মিটার পথ পেরোতেও দীর্ঘ সময় লেগে যায়। যানজটে আটকে পড়ে ভোগান্তির মুখে পড়েন অফিসযাত্রী, ব্যবসায়ী এবং জরুরি কাজে বেরনো মানুষজনও। মধ্য কলকাতার ব্যস্ত রাজপথে দীর্ঘ যানজটের জেরে কার্যত নাভিশ্বাস উঠেছে শহরবাসীর।