মঙ্গলবার রাতে বিহারের হাজিপুরের কাছে মাঝগঙ্গায় নৌকা দুর্ঘটনা। নিমন্ত্রণ বাড়ি যাওয়ার পথে রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে নৌকাডুবিতে মৃত্যু অন্তত ১৪ জনের। নৌকাটিতে ১৫-২০ জন যাত্রী ছিলেন বলে অনুমান। গঙ্গার মাঝখানে যাত্রীর ভার এবং ঢেউয়ের দোলায় নৌকাটি বেসামাল হয়ে উল্টে যায়। আতঙ্কিত যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে গেলেও ততক্ষণে একাধিক মানুষ গঙ্গায় তলিয়ে গিয়েছেন। শোকের ছায়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝগঙ্গায় নৌকা উল্টে যাওয়ার পরেই যাত্রীদের আর্তনাদে প্রথমে আশপাশের মানুষজন উদ্ধার কাজ শুরু করেন। দ্রুত ঘটনা তলে পৌঁছয়ে রাঘোপুর থানার পুলিশ। তড়িঘড়ি ডুবুরি নামানো হয়। পৌঁছে যায় এসডিআরএফ।প্রাথমিক ভাবে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরবর্তী সময়ে বৈশালীর জেলাশাসক বর্ষা সিং দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ৫ জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কীভাবে মাঝগঙ্গায় এই দুর্ঘটনা ঘটল, নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনের তরফ থেকে ভোর রাত পর্যন্ত মৃত ও আহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।বৈশালীর এই নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারের পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে।