আজ ফের বিরোধী মিছিলে উত্তাল হবে রাজধানী দিল্লি। ভ্যানিশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবিতে বিরোধী স্লোগানে মুখরিত হবে সুপ্রিম কোর্ট চত্বর। কনট প্লেস থেকে মিছিল শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। থাকবেন ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃত্ব। মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি যে এই মিছিলের অন্যতম আকর্ষণ তা আর বলার অপেক্ষা রাখে না। 

ইন্ডিয়ার এই মিছিল শেষে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে সাক্ষাতের কথা প্রতিনিধি দলের। তাঁর কাছে লিখিতভাবে সময় চাওয়া হয়েছিল। কিন্তু একটি সূত্রের খবর, প্রধান বিচারপতি অফিস থেকে গভীর রাত অবধি কোনও নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। সেক্ষেত্রে সময় না পাওয়া গেলেও কনট প্লেস থেকে মিছিল সুপ্রিম কোর্ট অবধি যাবে এবং ইন্ডিয়ার নেতৃত্ব জানাবেন কী কারণে তাঁরা প্রধান বিচারপতির কাছে সময় চেয়েছিলেন। এসআইআরের মাধ্যমে ভোটচুরি নিয়ে দেশ এখন উত্তাল। বিরোধীরা ছাড়াও নতুন প্রজন্মের যুবক-যুবতীরাও জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছেন, এসআইআর বাতিল চাইছেন, গোটা প্রক্রিয়ার তদন্ত চাইছেন এবং জনতার আদালতে ভোট চোর সরকারের শাস্তি চাইছেন। ইন্ডিয়া জোটের নেতারা এর আগে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে দেখা করতে চেয়েছিলেন। ভীত-সন্ত্রস্ত জ্ঞানেশ কুমার দেখা করেননি। রাষ্ট্রপতির কাছে দরবার করা হয়। তিনি সমস্ত যুক্তি শুনে তথ্যপ্রমাণ চেয়েছেন। এরপর আজকের মিছিল বিরোধী জোটের মিছিল। দিল্লিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।