মহালয়ার (Mahalaya) সন্ধেয় ইডেন গার্ডেন্সের (Eden Gardens) আকাশ জুড়ে যেন ছড়াল আলোর জাদু। কখনও সুরের মূর্ছনা, কখনও নৃত্যের ছন্দ, আবার কখনও হাজার হাজার ড্রোনের নিখুঁত কারুকাজে ফুটে উঠল দুর্গতিনাশিনী দুর্গার অবয়ব। এমনই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার দুর্গোৎসবের সূচনা পর্বকে স্মরণীয় করে রাখল কলকাতা (Kolkata)। চোখ ধাঁধানো আলোকসজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে ইডেনের মেগা আয়োজন ঘিরে ছিল উৎসবের আবহ।
আরও পড়ুন: দুর্গাপুজোর আবহ থেকে গেরুয়া বিতর্ক, বিজেপিকে নিশানা করে আক্রমণ অভিষেকের
এদিন বিকেলে ঢাকের তালে এবং লোক নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। শুরুতেই গান শোনান লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। এরপর একে একে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শান, কৌশিকী চক্রবর্তী ও অন্তরা মিত্র। শান্তনু মৈত্র ও তাঁর দলের পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। যন্ত্রসঙ্গীতে অংশ নেন দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্যান্য শিল্পীরা।
আরও পড়ুন: ইডেনে আগমনী আবহ, রবি থেকেই পুজো কমিটির অ্যাকাউন্টে অনুদান: ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুধু মঞ্চের অনুষ্ঠানেই আটকে থাকেনি আয়োজন। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে বাঙালির দুর্গাপুজোর আবেগকে তুলে ধরা হয় এদিন। আর সন্ধ্যার অন্যতম বড় আকর্ষণ ছিল ড্রোন শো। অসংখ্য ড্রোনের সাহায্যে আকাশের বুকে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার ছবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক পরিচিত মুখ। এদিন রেড রোড থেকে শোভাযাত্রা নিয়ে ইডেনে আসেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ টালিগঞ্জের একাধিক তারকা। মঞ্চে উপস্থিত ছিলেন তসলিমা নাসরিনও।
এদিকে, ইডেনের এই বড় আয়োজনকে কেন্দ্র করে শহরের যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হয়। কলকাতা ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্ট্র্যান্ড রোড এবং সেন্ট জর্জেস গেট রোডের নির্দিষ্ট অংশে পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হয়। রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায় এই বিধিনিষেধ জারি ছিল শনিবার ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত।















