মহালয়ার সকালে কলকাতার মেট্রোযাত্রীদের (Kolkata Metro) জন্য সুখবর। নিউ গড়িয়া-বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের (Orange Line) সম্প্রসারিত অংশে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ (Beleghata-Sector V) পর্যন্ত শনিবার থেকে শুরু হচ্ছে পরীক্ষামূলক মেট্রো (Metro) চলাচল। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে এই অংশে যাত্রী পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে। পরিষেবা (Metro Service) শুরু হলে নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভে পৌঁছনো আরও সহজ হবে। বিশেষ করে সল্টলেকের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন: "মায়ের আশীর্বাদে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক": দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা মোদির
দীর্ঘদিন ধরেই চিংড়িঘাটা এলাকায় মেট্রোর কাজের বাকি অংশ নিয়ে জটিলতা ছিল। সম্প্রতি চিংড়িঘাটা ক্রসিং ও সুকান্তনগরের মধ্যবর্তী উড়ালপথের ৩৬৬ মিটার অংশে গার্ডার বসিয়ে এবং রেললাইন পাতার কাজ করে সংযোগ স্থাপন করা হয়েছে। রেল বিকাশ নিগম লিমিটেডের উদ্যোগে এই কাজ সম্পন্ন হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বেলেঘাটা বা মেট্রোপলিটন স্টেশন থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত অংশে পুশ ট্রলির সাহায্যে পরিদর্শন করেন রেলকর্তারা।
আরও পড়ুন: মহালয়ার ভোরে হাওড়া ও ঠাকুরপুকুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড
এ বার শুরু হচ্ছে ট্রায়াল রান। এই পরীক্ষামূলক চলাচল এক মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে। এই সময়ে সিগন্যাল ব্যবস্থা, সফটওয়্যারের সমন্বয় এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় খতিয়ে দেখা হবে। তবে ট্রায়াল রান সফল হওয়ার পাশাপাশি যাত্রী পরিষেবা চালুর আগে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্রও প্রয়োজন। সেই অনুমোদন মিললে তবেই বাণিজ্যিক পরিষেবা চালু করা সম্ভব হবে। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশ চালু হলে ১৫ কিলোমিটারের বেশি এলাকা কভার করবে মেট্রো রেল (Kolkata Metro)। এই অংশে পড়বে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ স্টেশন। তাতেই উপকৃত হবেন মেট্রো যাত্রীরা।
অন্যদিকে, দুর্গাপুজোয় যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ পরিষেবা চালানোর পরিকল্পনাও করেছে কলকাতা মেট্রো। পঞ্চমী, ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত বিভিন্ন লাইনে বিশেষ সময়সূচি মেনে ট্রেন চলবে। ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো ও অরেঞ্জ লাইনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুজোর সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু ও গ্রিন লাইনে রাতভর মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পরিষেবা চলবে। গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে পরের দিন ভোর ৩টে ৫৯ মিনিট পর্যন্ত মিলবে মেট্রো। পঞ্চমী ও ষষ্ঠীতে ব্লু লাইনে মোট ২৮৪টি এবং গ্রিন লাইনে ২৪০টি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। দশমীতেও দুই লাইনে নির্দিষ্ট সময়সূচি মেনে ট্রেন চলবে। পুজোর ভিড়ের কথা মাথায় রেখে পরিষেবার ব্যবধানও নির্ধারণ করা হয়েছে।















