পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হল দেবীপক্ষের। মহালয়ার (Mahalaya) ভোরে তর্পণ, চণ্ডীপাঠ আর দেবী দুর্গার আবাহনে উৎসবের আবহে সেজে উঠেছে গোটা বাংলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রাক্কালে দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার এক্স- এ পোস্ট করে মোদি লেখেন, "শুভ মহালয়া! মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করছি। মায়ের আশীর্বাদ আমাদের সমাজকে সুখ, সহমর্মিতা এবং আশায় পূর্ণ করুক। চতুর্দিকে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক।"

আরও পড়ুন: মহালয়ার ভোরে হাওড়া ও ঠাকুরপুকুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

এদিকে মহালয়া উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দু’জনের কেউই আসছেন না। ফলে তাঁদের উপস্থিতি ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তাতে কিছুটা ছেদ পড়েছে। তবে তার প্রভাব যাতে উৎসবের আয়োজনে না পড়ে, সে দিকে নজর রেখেই সাজানো হয়েছে অনুষ্ঠানের সূচি।

আরও পড়ুন: কত দর আজ সোনা রুপোর দেখে নিন এক নজরে

গান-বাজনা থেকে বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প, সব মিলিয়ে ইডেনে মহালয়ার সন্ধ্যাকে স্মরণীয় করে তোলার পরিকল্পনা করা হয়েছে।  অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে তিন হাজার ড্রোনের বর্ণময় প্রদর্শনী। আকাশজুড়ে আলোর কারুকাজে ফুটিয়ে তোলা হবে মা দুর্গার আগমন। বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতেও থাকছে বিশেষ আয়োজন। দার্জিলিং থেকে পুরুলিয়া, রাজ্যের ২৩টি জেলার ২৩ রকমের নৃত্যশৈলী অনুষ্ঠানে জায়গা করে নেবে। ছৌ নৃত্য, বাউল গান, ভাওয়াইয়ার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির বিভিন্ন ধারাও পরিবেশিত হবে।