জম্মু-কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা CISF-এর এক জওয়ানের। শুক্রবার রিয়াসি জেলায় সন্দেহজনক পরিস্থিতিতে এই ঘটনা ঘটে। মৃত জওয়ানের নাম মহম্মদ মুস্তাক মালিক। বয়স ৩৭ বছর। তিনি রিয়াসি জেলার মারদি গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর জ্যোতিপুরমের সালাল পাওয়ার স্টেশনে কর্মরত ছিলেন মুস্তাক। কর্তব্যরত অবস্থায় কীভাবে তিনি গুলিবিদ্ধ হলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চলেছিল। তবে ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়।

গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাককে প্রথমে নিয়ে যাওয়া হয় রিয়াসি জেলা হাসপাতালে। হাসপাতালের সুপার করম বীর সিং জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটিকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। এটি কীভাবে ঘটল এবং এর পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে CISF-এর তরফেও পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আত্মহত্যার সম্ভাবনার কথা উঠে এলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কর্তব্যরত অবস্থায় একজন নিরাপত্তাকর্মীর এমন রহস্যজনক মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কর্মস্থলের পরিস্থিতি ও ঘটনার নেপথ্য কারণ নিয়ে। তদন্তের পরেই স্পষ্ট হবে, ঠিক কী ঘটেছিল রিয়াসির সালাল পাওয়ার স্টেশনে।