দিল্লি পুলিশের চূড়ান্ত দমন। শনিবার, সাউথ অ্যাভিনিউ-এর বাড়ির সামনে বাস স্ট্যান্ডের সামনে শান্তিপূর্ণ অবস্থানরত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন মমতা তৃণমূলের সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল-সহ অন্যান্যরা। এর পরে প্রিজন ভ্যান থেকেই নিজেরে স্যোশাল মিডিয়া পেজে লাইভ করে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, শান্তিপূর্ণ অবস্থান থেকে তাঁদের তুলে দিয়ে গিয়ে সারা দিল্লি ঘোরানো হচ্ছে। অত্যন্ত বেপরোয়াভাবে প্রিজন ভ্যান চালানো হচচ্ছে বলেও অভিযোগ মমতার। 
দিল্লর যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। বিক্ষোভের অনুমতি না দিয়ে উল্টে ব্যাপক ধড়পাকড় করা হচ্ছে। মধ্য দিল্লির বহু এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র ১৬৩ ধারা বলবৎ রয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। এই পরিস্থিতি সেই বিক্ষোভে যোগ দিতে যেতে চান মমতা। কিন্তু তাঁকে বাধা দেওয়া হয়।
এর পরে বাসস্ট্যান্ডে সেভ ইন্ডিয়া, সেভ ডেমক্রাসি প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ ধর্নায় বসেন মমতা-সহ তৃণমূল নেতৃত্ব। সেখান থেকে তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।
প্রিজন ভ্যান থেকেই স্যোশাল মিডিয়ায় লাইভ করে গর্জে ওঠেন মমতা। বলেন, “আমরা বেরিয়েছিলাম৷ আমাদের জেনজি আমন্ত্রণ জানিয়েছিল৷ সিজেপি বয়েজদেরও আটক করা হয়েছে৷ অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে৷ কারওকে যন্তর মন্তরের ভিতরে যেতে দেওয়া হয়নি৷ আমরা ছাত্র সমাজ, যুব সমাজের পাশে আছি৷” 
বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, ”বাসে করে তুলে নিয়ে বেপরোয়া গতিতে ঘোরাচ্ছে, যেমনটা বিজয়নজির সঙ্গে করেছে, ২ ঘণ্টা ধরে ঘোরাচ্ছে রাস্তায়৷ ওর শরীরটাও খারাপ শুনলাম৷”
ধর্নায় বসার আগে মমতা বলেন, "সিজিপির আমন্ত্রণে আমরা এখানে এসেছিলাম। কিন্তু বহু নেতাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং আমাদের-সহ কাউকেই যন্তর মন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাঁদের সঙ্গে একাত্মতা জানাতে আমরা এখানেই বিকেল পাঁচটা পর্যন্ত ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা যদি সেখানে যাওয়ার চেষ্টা করি, তবে তারা আমাদের প্রবেশ করতে দেবে না এবং বিজয়নজির মতো আমাদেরও দিল্লির রাস্তায় ঘুরিয়ে বেড়াবে। আমরা খবর পেয়েছি, তাঁকে প্রায় দু'ঘণ্টা ধরে রাস্তায় ঘুরিয়ে রাখা হয়েছে। তাই এখানেই রাস্তায় বসে আমাদের অবস্থান স্পষ্ট করাটাই ভাল। আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট—‘সংবিধান ও গণতন্ত্র বাঁচাও’।"
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।"
প্রিজন ভ্যানে বসেই দোলা সেন, প্রতিমা মণ্ডলদের নিয়ে দেশাত্মবোধক গান শুরু করেন তৃণমূল নেত্রী।















