মহালয়ার (Mahalaya) সন্ধেয় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে দুর্গাপুজোর সূচনা হল। সেই মঞ্চ থেকেই শনিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার থেকেই পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি, মন্ত্রিসভার সদস্যরা, অভিনেতা মিঠুন চক্রবর্তী, লেখিকা তসলিমা নাসরিন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ক্রিকেটার রিচা ঘোষ-সহ একাধিক বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাগোবাংলার জয় হোক: গণতন্ত্র বাঁচানোর আন্দোলনে দিল্লি থেকে বার্তা তৃণমূল সুপ্রিমোর
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজো বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম পরিচয়। এই উৎসবকে আন্তর্জাতিক মঞ্চে আরও পরিচিত করে তুলতে চায় রাজ্য। দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি। অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তাঁর আবেদনে সাড়া দিয়ে কলকাতার ২০০-র বেশি পুজো কমিটি সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে। তাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, রাজ্যে আগের বছরের তুলনায় ১২ হাজার ৪০০-রও বেশি পুজোর আয়োজন হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। নতুন পুজো কমিটিগুলিও অনুদান পাবে বলে আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: বিতর্কের মুখে ফর্ম-৭-এ লাগাম! ভোটার তালিকা নিয়ে নতুন চাপে কমিশন
আগামী চার দিন মালদহ, দিঘা, দুর্গাপুর, কোচবিহার ও বিষ্ণুপুর-সহ বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ষষ্ঠীর আগে পর্যন্ত চলবে এই আয়োজন। অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার মানুষকে আমন্ত্রণ জানানোর কথাও জানান মুখ্যমন্ত্রী।

বিসর্জন নিয়ে পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা নিরঞ্জনের আবেদন জানিয়েছেন তিনি। আগামী ২৪ তারিখের মধ্যে বিসর্জন শেষ করার কথা বলেন মুখ্যমন্ত্রী। ঐতিহ্য মেনে ঘাটগুলিতে নিরঞ্জনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। শেষে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানান শুভেন্দু।















