মৃত্যুর পরেও সরকারি হাসপাতালের ওয়ার্ডে সুরক্ষিত রইল না দেহ। এমনই ঘটনা ঘটেছে মানিকতলা ইএসআই হাসপাতালে (Manicktala ESI Hospital)। সেখানে এক প্রৌঢ়ার মৃতদেহ খুবলে (Destroying Body) খেল ইঁদুর (Rat)। পরিবারের তরফে উঠেছে এই অভিযোগ। ঘটনার তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মহালয়ায় সুখবর, বেলেঘাটা-সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনে শুরু ট্রায়াল রান
মৃতার নাম আল্পনা দে। হাওড়ার আন্দুলের বাসিন্দা ওই প্রৌঢ়া দীর্ঘ ছ’বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মহিলা শল্যচিকিৎসা বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের দাবি, শুক্রবার সকালে হাসপাতালে পৌঁছে তাঁরা আল্পনা দেবীর মৃত্যুর খবর জানতে পারেন। এর আগে হাসপাতালের তরফে মৃত্যুর খবর জানানো হয়নি বলেও অভিযোগ তাঁদের। এরপর মৃতদেহের উপর থেকে কাপড় সরাতেই চোখে পড়ে একাধিক ক্ষতচিহ্ন। পরিবারের অভিযোগ, মৃতার মুখ, হাত ও আঙুলে ক্ষত ছিল। ঠোঁটের একাংশ এবং চোখের পাতাতেও ক্ষতির চিহ্ন দেখতে পান তাঁরা। তাঁদের দাবি, ইঁদুরেই মৃতদেহের ওই অংশগুলি খুবলে খেয়েছে।
ঘটনাটি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, ইঁদুরের কারণে ওই ক্ষত হয়ে থাকতে পারে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন বহু মানুষ। সেখানে মৃত্যুর পরেও মৃতদেহের সুরক্ষা ও মর্যাদা বজায় রাখা নিয়ে এমন অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। সেইসঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।















