মহালয়ার (Mahalaya) লগ্নে উৎসবের রঙে সেজে উঠল কলকাতা (Kolkata)। বর্ণাঢ্য শোভাযাত্রা, বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন এবং আলোর ঝলকানিতে শনিবার বিকেলে অন্য রূপে ধরা দিল রেড রোড (Red Road)। সেখান থেকে হেঁটে এদিন বিকেলে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে শোভাযাত্রায় পা মেলান টালিউডের একাধিক তারকা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ক্রীড়াজগতের পরিচিত মুখেরা।
আরও পড়ুন: দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে আজও অটুট প্রেম, শ্রদ্ধা! বরের জন্মদিনে আবেগে ভাসলেন অপরাজিতা
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশ্বনাথ বসু-সহ টালিউডের বহু তারকা। ছিলেন ক্রিকেটার রিচা শর্মা, মুখ্যসচিব মনোজ কুমার আগারওয়াল, মন্ত্রী অগ্নিমিত্রা, ইন্দ্রনীল, পূর্ণিমা ও শারদ্বতরাও। রেড রোডের বর্ণাঢ্য আয়োজন পেরিয়ে বিকেল পাঁচটা নাগাদ ইডেন গার্ডেন্সে পৌঁছন মুখ্যমন্ত্রী। এ দিন ইডেনে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং লেখিকা তসলিমা নাসরিনও।
আরও পড়ুন: ধর্ষক-জঙ্গিদের ধরতে কি এতটাই সক্রিয়? ছেলের আটকের খবরে সরকার-পুলিশকে নিশানা অভিজিতের মায়ের
শনিবার আলোয় সাজানো রেড রোডের দু’পাশে বাংলার বিভিন্ন জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, লোকশিল্প, সংগীত ও নৃত্যের নানা দিক তুলে ধরা হয়। প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য ও শিল্পকলার প্রদর্শনে শোভাযাত্রা হয়ে ওঠে বাংলার সংস্কৃতির এক বর্ণময় মেলবন্ধন। ইডেন গার্ডেন্সে মূল অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন প্রদর্শনী এবং ত্রিমাত্রিক আলোকচিত্রের আয়োজন। প্রযুক্তি ও আলোর মেলবন্ধনে সেখানে ফুটিয়ে তোলা হবে মা দুর্গার আবাহন।
দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও এই অনুষ্ঠানের সম্প্রচার দেখার সুযোগ পাবেন প্রবাসীরা। কলকাতার মূল অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও শুরু হয়ে যাবে উৎসবের আয়োজন। সব মিলিয়ে মহালয়ার দিন বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও দুর্গোৎসবকে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরতেই সাজানো হয়েছে এই বিশেষ কর্মসূচি।















