টেলিপাড়া থেকে বড় পর্দা— সর্বত্রই তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করে। তবে এবার কোনো স্ক্রিপ্ট বা সংলাপ নয়, জীবনের বাস্তব খাতা থেকে এক দারুণ ভালোবাসার গল্প ভাগ করে নিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। স্বামী অতনু হাজরার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। দীর্ঘ ২৯ বছরের সুখী দাম্পত্যের পর আজও স্বামীর প্রতি তাঁর মুগ্ধতা এবং গভীর শ্রদ্ধা এই লেখার ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: দলনেত্রী গ্রেফতার হতেই পথে প্রতিবাদ তৃণমূল বিধায়ক কুণালের
অপরাজিতার মতে, দীর্ঘ ২৯ বছরের এই পথচলায় ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “ঊনত্রিশ বছর পরেও তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে গভীরভাবে শ্রদ্ধা করি। আর আমার কাছে সেটাই আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর প্রাপ্তি।”
স্বামীর ব্যক্তিত্বের প্রশংসা করে অভিনেত্রী তাঁকে তাঁর ‘শিক্ষাগুরু’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, অতনুর কাছ থেকে তিনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ পাঠ শিখেছেন। অন্যের জীবনকে নিজের মাপকাঠিতে বিচার না করা, মানুষের স্বাধীনতা ও সিদ্ধান্তকে সম্মান জানানো এবং অন্যায়ের সঙ্গে আপস না করার মানসিকতা তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে। তাঁর কাছে অতনু শুধু একজন জীবনসঙ্গী নন, বরং জীবনকে নতুন করে চেনার এক জীবন্ত পাঠশালা।
আরও পড়ুন: ‘বিইং দ্য সলমন খান’: অভিনয়ের ‘এ টু জেড’ শেখাতে নতুন চ্যানেল খুললেন সলমন খান
পোস্টে স্বামীর নিঃস্বার্থ সমাজসেবামূলক মনোভাবের কথাও তুলে ধরেছেন অপরাজিতা। তিনি জানান, কোনরকম প্রচার বা স্বীকৃতির আশা ছাড়াই অতনু সবসময় মানুষের পাশে দাঁড়ান। বহু মানুষকে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন এবং তাঁদের এগিয়ে যাওয়ার পথে নীরবে সাহায্য করেছেন, যার কোনও হিসাব তিনি কখনও রাখেননি।
আরও পড়ুন: ঢাকায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপার অভিযোগ, আটক যুবনেতা
চিঠির শেষে বরকে আদর করে ‘তাতু’ সম্বোধন করেছেন অভিনেত্রী। অপরাজিতার এই মন ছোঁয়া পোস্টটি সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে তাঁর টলিউডের সহকর্মী শিল্পী থেকে শুরু করে সাধারণ অনুরাগী— সকলেই তাঁর স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং এই তারকা দম্পতির সুন্দর আগামীর কামনা করেছেন।















