বাংলাদেশে (Bangladesh) ফের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) অপমান। শনিবার দুপুরে ঢাকার (Dhaka) সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেওয়ালে আঁকা কবিগুরুর ছবি কালি দিয়ে মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবনেতার বিরুদ্ধে। অভিযুক্ত এ এন এম আয়াসকে আটক (Detained) করেছে পুলিশ।
আরও পড়ুন: 'নোবেল আমারই প্রাপ্য’, শান্তি পুরস্কার না পেয়ে ফের ক্ষুব্ধ ট্রাম্প
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আয়াস রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যসচিব। অতীতে বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে শেখ হাসিনা-বিরোধী অবস্থানের পাশাপাশি ভারত-বিরোধী মন্তব্য করার অভিযোগও উঠেছিল।
স্থানীয় সূত্রে খবর, চলতি মাসে ঢাকার সেগুনবাগিচা এলাকায় ফুটপাথ দখলমুক্ত করার পর সংলগ্ন দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সত্যজিৎ রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। শনিবার সেই দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিটি কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার এক আধিকারিক আবদুল খালেক জানান, শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে আয়াস নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে।
গত মাসে মাগুরায় বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ শাকিব আল হাসানের বাড়ির সামনে আয়াসের আচরণ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর অতীতের বিভিন্ন মন্তব্য নিয়েও আলোচনা হয়েছে। তবে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টা কেন করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তের বক্তব্য এবং তদন্তের বিস্তারিত তথ্য সামনে এলে বিষয়টি আরও পরিষ্কার হবে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ঘিরে এই ঘটনায় বাংলাদেশে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।















