ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে জগন্নাথ হলের সামনে দু’টি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে আরও একটি বিস্ফোরণ ঘটে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানিয়েছেন, কারা এবং কী কারণে বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

এর মধ্যেই ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি জিন্নাহর তিনটি ছবি রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংস্কারের পর সংগ্রহশালায় ছবিগুলি রাখা হয় বলে জানা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, মঙ্গলবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের মূল গেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিনে জুলাইয়ের গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-সহ সাতজনের মৃত্যুদণ্ড ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল।। তবে সুপ্রিম কোর্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরণের সঙ্গে ওই রায়ের কোনও যোগ রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ঘটনার সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে বোমা ছুড়ে পালাতে দেখা গিয়েছে। তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।