ছাদ, সিঁড়ি, ঘর থেকে উদ্ধার একের পর এক মৃতদেহ। বাংলাদেশের রংপুরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। একই পরিবারের অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক এবং তার স্ত্রী পুত্র কন্যাকে শ্বাসরোধ করে খুন দুষ্কৃতীদের। পুলিশ জানিয়েছে মৃতদের নাম গণপতি চক্রবর্তী (৬৫), স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), আগামী চক্রবর্তী (২৮) ও আয়ুশ চক্রবর্তী (১৪) ।

সরকার পরিবর্তন হলেও প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের উপর আক্রমণ কমছে না। তারেক রহমানের দেশে এক হিন্দু পরিবারের সব সদস্যকে এভাবে খুনের ঘটনায় ফের বাংলাদেশি হিন্দু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়রা বলছেন চক্রবর্তী পরিবারের সদস্যদের বিগত কয়েকদিন ধরে দেখা যায়নি। শনিবার হঠাৎ তাদের বাড়ির মধ্যে থেকে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। এরপরই প্রীতিলতা এবং আগামীর দেহ উদ্ধার হয় সিঁড়ি থেকে। গণপতির দেহ ফেলে রাখা হয়েছিল ছাদে আর আয়ুশের নিথর শরীর একটি খাটের নীচে ছিল। বৃহস্পতি বা শুক্রবার তাঁদের খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের ঘনিষ্ঠরা। কে বা কারা খুন করল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।