মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন! পাওয়ার ব্যাঙ্ক ব্লাস্ট হয়েই বিপত্তি বলে প্রাথমিক অনুমান। রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী 6E6115 বিমানটির ভিতরে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে বিমানটিকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
আরও পড়ুন: বিজয়কে পাশে নিয়ে মেট্রো উদ্বোধন মোদির, তামিলনাড়ুতে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
বিমানের সিটের উপরে লাগেজ রাখার জায়গায় একটি ব্যাগ থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ওই ব্যাগের ভিতরে থাকা পাওয়ার ব্যাঙ্ক ফেটেই আগুন লেগেছিল বলে মনে করা হচ্ছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার ডেডলাইনেও অনড় বিকাশরঞ্জন! ‘হিন্দুত্ববাদী’ শব্দ প্রত্যাহারে নারাজ
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানের ভিতরে লাগেজ রাখার জায়গায় দাউদাউ করে আগুন জ্বলছে। আতঙ্কিত যাত্রীদের কয়েক জন ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বিমানকর্মীরাও। অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বিমানের ভিতর ধোঁয়ায় ভরে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইন্ডিগো। কী কারণে আগুন লাগল, ব্যবহৃত পাওয়ার ব্যাঙ্কটি কোন সংস্থার, তা খতিয়ে দেখা হচ্ছে।















