চেন্নাইয়ের (Chennai) মেট্রো পরিষেবার সম্প্রসারণের পাশাপাশি একাধিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে রবিবার তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এদিন চেন্নাইয়ে মেট্রো রেলের (Metro Rail) দ্বিতীয় পর্যায়ের নতুন পরিষেবার উদ্বোধন করেন তিনি। তারসঙ্গে সড়ক, রেল ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। সব মিলিয়ে এই সফরে ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকছেন প্রধানমন্ত্রী। সফরের অন্যতম আকর্ষণ নতুন মেট্রো করিডর, যা চেন্নাইয়ের গণপরিবহণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।
আরও পড়ুন: নবান্নের কাছে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার! ঘনাচ্ছে রহস্য
নতুন মেট্রোপথের উদ্বোধন উপলক্ষে রবিবার চেন্নাইয়ের স্টেশনে বিশেষ আয়োজন করা হয়। টিকিট কেটে মেট্রোয় ওঠেন মোদি। তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় (Tamil Nadu Chief Minister Vijay)। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির হন প্রায় ৫০০ জন ভারতনাট্যম শিল্পী। পরে পরুর বাইপাস থেকে পুনামাল্লি (From Parur Bypass to Poonamallee) পর্যন্ত মেট্রোয় সফর করেন তাঁরা। এই করিডরে সোমবার থেকে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হওয়ার কথা।
প্রায় ৪,৯০০ কোটি টাকা খরচে তৈরি ১৫ কিলোমিটার দীর্ঘ এই রুটে রয়েছে ১১টি স্টেশন। এর মধ্যে প্রায় ৩.৭ কিলোমিটার অংশে রয়েছে ডবল ডেকার কাঠামো। আধুনিক সিগন্যালিং প্রযুক্তিও যুক্ত হয়েছে প্রকল্পে, যা চালকবিহীন মেট্রো পরিচালনার উপযোগী। নতুন পরিষেবা চালু হলে চেন্নাইয়ের পশ্চিমাঞ্চল থেকে শহরের অন্যান্য অংশে যাতায়াত আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার ডেডলাইনেও অনড় বিকাশরঞ্জন! ‘হিন্দুত্ববাদী’ শব্দ প্রত্যাহারে নারাজ
মেট্রো প্রকল্পের বাইরে জাতীয় সড়ক ও রেল পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে এই সফরে। প্রায় ৩,৭০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প এবং ৭৫০ কোটি টাকার রেল প্রকল্পের পাশাপাশি আইআইটি মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার সংক্রান্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি কাজের পাশাপাশি জলকণ্ডেশ্বর মন্দিরে পুজো দেওয়া এবং একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর।















