ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন বর্ষীয়ান আমলা প্রকাশ রাজপুরোহিত। শনিবার, ১০ অক্টোবর এই নিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট বা ACC। ২০৩০ সালের ৮ এপ্রিল পর্যন্ত এই পদে দায়িত্ব সামলাবেন তিনি। ২০১০ ব্যাচের রাজস্থান ক্যাডারের IAS আধিকারিক প্রকাশ রাজপুরোহিত এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশনে যুগ্মসচিব হিসেবে কর্মরত ছিলেন। ২০২৬ সালের আগস্টে সঞ্জয় কুমারকে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর মূল ক্যাডারে ফিরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের ভোটার তালিকা এবং তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বও সামলাতেন তিনি। ২০২৫ সালের ২৪ জুন দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR শুরু করার নির্দেশেও সই করেছিলেন সঞ্জয় কুমার।

শুধু নির্বাচন কমিশনেই নয়, একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দফতরেও রদবদল হয়েছে। মোট ২৭ জন আধিকারিককে যুগ্মসচিব বা সমতুল্য পদে নিয়োগের অনুমোদন দিয়েছে ACC। বিবেক খারে নিযুক্ত হয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র যুগ্মসচিব পদে। স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর, ন্যাশনাল হেলথ অথরিটি, নীতি আয়োগ-সহ একাধিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, উচ্চশিক্ষা দফতরের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়ালকে নির্ধারিত সময়ের আগেই তাঁর মূল ক্যাডারে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবেও ৯ অক্টোবর অনুমোদন দিয়েছে অ্যাপয়েন্টমেন্টস কমিটি। সব মিলিয়ে, কেন্দ্রীয় প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নির্বাচন কমিশনের শীর্ষ প্রশাসনিক কাঠামোয় নতুন নিয়োগের দিকে নজর থাকবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।