মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত রাজধানী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই প্রতিবাদ কর্মসূচিতে ৭ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক নেতাদের মুক্তির দাবিতে এবার সরব পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তাঁর হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে নেতাদের মুক্তি না দেওয়া হলে অনশন অথবা পদযাত্রার পথে হাঁটার কথা বিবেচনা করবেন তিনি।

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। শনিবার ৭ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক নেতাদের মধ্যে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ আন্দোলনের একাধিক নেতা রয়েছেন। এই পরিস্থিতিতে সোনম ওয়াংচুক দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় তিনি অনশন বা পদযাত্রার কর্মসূচি করার বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, এর আগে দিল্লির এই আন্দোলনে সরাসরি যোগ না দেওয়ার কথা জানিয়েছিলেন ওয়াংচুক। লাদাখে পরিবেশ ও জলসুরক্ষা সংক্রান্ত কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু আন্দোলনকারীদের আটকের ঘটনায় এবার অবস্থান বদলে সরব হলেন তিনি। এখন প্রশ্ন, রবিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি দেওয়া হয় কিনা। আর মুক্তি না মিললে সোনম ওয়াংচুকের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।