মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লি (Delhi) ও মুম্বই (Mumbai)। শনিবার মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ আন্দোলনে যোগ দিতে গিয়ে আটক হলেন অভিনেতা ইমরান খান (Imran Khan)। তাঁর সঙ্গে তাঁর বান্ধবী লেখাকেও আটক করেছে পুলিশ। এ ছাড়াও তুষার গান্ধী-সহ একাধিক সমাজকর্মী ও বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে খবর। 

আরও পড়ুন: CJP-র আন্দোলনে যোগ দিয়ে আটক সুপ্রিম কোর্টের আইনজীবীরা! তীব্র প্রতিবাদ বার অ্যাসোসিয়েশনের, হস্তক্ষেপ করলেন প্রধান বিচারপতি

‘ভোট লুঠ’ করেছে জ্ঞানেশ কুমার। এই অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। আর সেই কর্মসূচিতে যোগদান করতে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে গিয়েছিলেন ইমরান। কিন্তু সেখানে পৌঁছনোর পরই তাঁকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে পুলিশের গাড়িতে বসে বিজয়চিহ্ন দেখাতে দেখা যায় তাঁকে। ছবির সঙ্গে মজার ছলে ইমরান লেখেন, “তিনি ড্রাইভে যাচ্ছেন।” কেন বিক্ষোভে যোগ দিয়েছিলেন, তা-ও জানিয়েছেন ইমরান। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কোনও দাবি নেই। আমি একজন নাগরিক এবং এই শহরের বাসিন্দা হিসেবে এখানে এসেছি। কেন মানুষের চলাচলের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, কেন তাঁদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, তা দেখতেই এসেছি। আমি কোনও সংগঠনের সদস্য নই।”

শনিবার সকাল থেকেই মুম্বইয়ের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। অগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত আটকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। দিনের শুরুতেই ওই এলাকা থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর নেতৃত্বাধীন ‘হাম ভারত কে লোগ’ সংগঠনের সদস্য এবং সিপিএমের সমর্থকেরা। এ দিন অগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের ডাক দিয়েছিলেন তুষার গান্ধী। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই বান্দ্রা এলাকা থেকে তাঁকে ও তাঁর সঙ্গীদের আটক করে ডিএন নগর থানায় নিয়ে যায় পুলিশ। পরে থানার বাইরে জড়ো হন বহু মানুষ। সেখানে যান শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরে। সমাজকর্মী ফিরোজ মিথিবোরওয়ালাকেও তাঁর বাড়ি থেকে আটক করা হয়।

অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। অভিযোগ, কর্মসূচিতে যোগ দিতে আসা কয়েক জনকে বিমান থেকে নামার পরই আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন অভিজিৎ দীপ, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। ইউটিউবার ধ্রুব রাঠীকেও তাঁর হোটেল থেকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। দিল্লিতেও বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।