CJP-র আন্দোলনে যোগ দিয়ে পথে সুপ্রিম কোর্টের বাইরে থেকে আটক আইনজীবীরা। শনিবার, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিজুড়ে বিক্ষোভে সামিল হতে চান তাঁরা। সেই সময়ই তাঁদের আটক করে যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তকে জরুরিভাবে চিঠি লেখে সুপ্রিম কোর্ট (Supreme Court) বার অ্যাসোসিয়েশন (SCBA)। আইনজীবীদের মুক্তি দিতে প্রশাসনকে জানিয়েছেন প্রধান বিচারপতি।
দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে বেরিয়ে আন্দোলনে অংশ নিতে যান আইনজীবীরা। এরপরই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ, টেনে বাসে তোলার চেষ্টা হয় আইনজীবীদের। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায়। ইউনিফর্ম পরা আইনজীবীদের গায়ে হাত দিতে পারে না পুলিশ- সরব হন বিক্ষোভকারীরা। তারপরও আটক করায় প্রধান বিচারপতির দ্বারস্থ হয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট দেবরাতও বিষয়টি প্রধান বিচারপতিকে জানান।
এর পরেই আইনজীবীদের ছেড়ে দিতে বলেন সূর্য কান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনজীবীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার বার্তা দেন তিনি। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন এবং আইনজীবীদের শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।














