মমতার সুরেই এবার সরব হলেন ইউটিউবার ধ্রুব রাঠী (Dhruv Rathee)। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, তাঁদের আটক বা গ্রেফতার নয়, বরং কিডন্যাপ করা হয়েছিল। এবার সেই একই সুরে বিজেপির বিরুদ্ধে সরব হলেন ধ্রুব। পুলিশের হাত থেকে মুক্তি পেয়েই একের পর এক অভিযোগ তুললেন ইউটিউবার (Youtuber)। ধ্রুবের দাবি, গুরুগ্রামের (Gurugram) বাড়ি থেকে তাঁকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার সঙ্গে আইন মেনে গ্রেফতারি বা আটক করার কোনও মিল নেই। বরং গোটা ঘটনাকে অপহরণ বলেই দাবি করেছেন তিনি। একই সঙ্গে নিজের ভারতীয় পাসপোর্ট প্রকাশ্যে এনে নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্কেরও জবাব দিয়েছেন ইউটিউবার।

আরও পড়ুন: রবিবারের যন্তর মন্তর কর্মসূচিতে ফের ধরপাকড় পুলিশের, বন্ধ বেশ কিছু মেট্রো স্টেশন

শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যেই ধ্রুবকে তাঁর গুরুগ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা পর শনিবার রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, ধ্রুবকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। তাই তাঁকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার প্রশ্নও ওঠেনি। তবে নিষেধাজ্ঞা অমান্য করে ভবিষ্যতে তিনি ফের যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার-সহ আইনি পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের এক কর্তা।

আরও পড়ুন: কত দর আজ সোনা রুপোর দেখে নিন এক নজরে

এই ঘটনায় অন্য কয়েক জনের বিরুদ্ধে সতর্কতামূলক গ্রেফতারির পদক্ষেপ করা হলেও ধ্রুবের ক্ষেত্রে তেমনটা হয়নি। কিন্তু মুক্তির পর তাঁর বক্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব অভিযোগ করেন, সাধারণ পোশাকে ২০ থেকে ২২ জন ব্যক্তি এসে তাঁকে জোর করে নিয়ে যান। তাঁর কাছ থেকে ফোনও কেড়ে নেওয়া হয়। প্রায় এক দিন ফোন ব্যবহার করতে পারেননি বলেও দাবি তাঁর। ধ্রুবের কথায়, “গ্রেফতার করতে হলে পুলিশকে যথাযথ নথি নিয়ে আসতে হত। আটক করতে হলেও নিয়ম মেনে পদক্ষেপ করা প্রয়োজন। কিন্তু আমার ক্ষেত্রে কিছুই করা হয়নি।” এই কারণেই ঘটনাটিকে সাধারণ আটক বা গ্রেফতার বলতে নারাজ তিনি। তাঁর অভিযোগ, গোটা ঘটনাটি কার্যত অপহরণ।

এদিকে ধ্রুবের নাগরিকত্ব নিয়েও শনিবার দিনভর সমাজমাধ্যমে বিতর্ক ছড়ায়। বেশ কিছু পোস্টে দাবি করা হয়, তিনি ভারতীয় নন, জার্মান নাগরিক। সেই সূত্রেই প্রশ্ন ওঠে, পর্যটক ভিসায় ভারতে এসে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার তাঁর রয়েছে কি না। এই বিতর্কের জবাব দিতে ভিডিওতেই নিজের ভারতীয় পাসপোর্ট দেখান ধ্রুব।