ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনের দায়িত্বে এখন অজিঙ্ক শিন্ডে (Ajinkya Shinde)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ (Abhijeet Dipke) শীর্ষ নেতৃত্ব আটক হওয়ার পর আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ভার তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে। কিন্তু কে এই অজিঙ্ক শিন্ডে? হঠাৎ করেই বা সিজেপির আন্দোলনের নেতৃত্বে উঠে এল তাঁর নাম কীভাবে? রাজনীতির ময়দানে আসার আগে পুনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন মহারাষ্ট্রের আলিবাগের (Alibaug, Maharashtra) বাসিন্দা এই যুবক। আম আদমি পার্টির সঙ্গে রাজনৈতিক পথচলা শুরু করে পরে যুক্ত হন সিজেপির সঙ্গে। বর্তমানে দলের জাতীয় সংগঠনের ইনচার্জ অজিঙ্ক কীভাবে সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠলেন, আর কোন অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর হাতে আন্দোলনের দায়িত্ব তুলে দিলেন অভিজিৎ দীপক—এ বার সেই কাহিনিই সামনে আসছে।
আরও পড়ুন: রবিবারের যন্তর মন্তর কর্মসূচিতে ফের ধরপাকড় পুলিশের, বন্ধ বেশ কিছু মেট্রো স্টেশন
অজিঙ্কের রাজনৈতিক যাত্রার শুরুটা হয়েছিল আম আদমি পার্টির (Aam Aadmi Party) হাত ধরে। ২০১৬ সালে গোয়া বিধানসভা নির্বাচনে আপের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। তার আগে কম্পিউটার সায়েন্সে স্নাতক হয়ে পুনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করছিলেন অজিঙ্ক। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকলেও একটা সময়ে সেই চাকরি ছেড়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের প্রতি আগ্রহ তাঁকে রাজনীতির আরও কাছাকাছি নিয়ে আসে। সেই সিদ্ধান্তের পর থেকেই তাঁর জীবনের গতিপথ বদলাতে শুরু করে।
সিজেপির সঙ্গে অজিঙ্কের যোগাযোগ তৈরি হয় দলটির আত্মপ্রকাশের পর থেকেই। অভিজিৎ দীপকে ও তাঁর সহযোগীদের সঙ্গে কাজ করতে করতে সংগঠনের ভিতরে নিজের জায়গা তৈরি করেন তিনি। দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি আন্দোলনের ময়দানেও সক্রিয় ছিলেন অজিঙ্ক। গত জুলাইয়ে দিল্লিতে সিজেপির আন্দোলনেও যোগ দিয়েছিলেন তিনি। ধীরে ধীরে সাংগঠনিক দায়িত্ব বাড়ে তাঁর। বর্তমানে দলের জাতীয় সংগঠনের ইনচার্জ হিসেবে কাজ করছেন অজিঙ্ক। অর্থাৎ, নেতৃত্বের দায়িত্ব পাওয়ার আগে থেকেই দলের সাংগঠনিক কাজকর্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন: সরাতে হবে ব্যারিকেড, আদালত অবমাননার মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
তবে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে আন্দোলনের দায়িত্ব তাঁর হাতে কীভাবে এল, তা নিয়েও রয়েছে একটি গুরুত্বপূর্ণ দিক। আটক হওয়ার আশঙ্কা থেকেই আগাম পরিকল্পনা করে রেখেছিলেন অভিজিৎ দীপকে ও তাঁর সহযোগীরা। গ্রেফতার হওয়ার পর এক ভিডিও বার্তায় দেখা, তাঁর অনুপস্থিতিতে আন্দোলনের নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্ডে। দীপকের কথায়, “এখন থেকে অজিঙ্কই আন্দোলনের নেতৃত্ব দেবেন।”
একসময় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী হিসেবে পরিচিত অজিঙ্ক শিন্ডে এখন সিজেপির আন্দোলনের অন্যতম প্রধান মুখ। চাকরি ছেড়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত তাঁকে দলের সাংগঠনিক দায়িত্বের কেন্দ্রে নিয়ে এসেছে। কিন্তু জাতীয় সংগঠনের ইনচার্জ হিসেবে কাজ করা এবং শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে গোটা আন্দোলন পরিচালনা করা এক নয়। এখন তাঁর সামনে সবচেয়ে বড় পরীক্ষা, দলের কর্মীদের সক্রিয় রাখা এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া।















