যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে টানটান পরিস্থিতি, আটক হওয়ার পর ছাড়া পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee ) শনিবার গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। তবে রবিবার ফের যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। ফলে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, যন্তর মন্তরের বিক্ষোভে যোগ না দেওয়ার জন্য আগেই ধ্রুব রাঠিকে সতর্ক করা হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছিল CJP। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামার ঘোষণা করে সংগঠনটি।

কিন্তু বিক্ষোভের জন্য অনুমতি না মেলায় যন্তর মন্তর চত্বরে নিরাপত্তা জোরদার করে পুলিশ। শনিবার কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাওয়ার প্রস্তুতির মধ্যেই গুরুগ্রামের সেক্টর ৫৬-র বাড়ি থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে। পুলিশের সতর্কবার্তা উপেক্ষা করে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ। যদিও পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। এদিকে, রবিবার সকাল ১০টা থেকে ফের যন্তর মন্তরের উদ্দেশে মিছিলের ডাক দিয়েছে CJP। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ধ্রুব রাঠির মুক্তি মিললেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে নতুন করে জমায়েতের সম্ভাবনা তৈরি হয়েছে। অনুমতি ছাড়া বিক্ষোভের চেষ্টা হলে পরিস্থিতি কীভাবে সামাল দেয় পুলিশ, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।