মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের মাত্রা আরও বাড়াতে এ বার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। নির্বাচন সদন অভিযান এবং রাষ্ট্রপতি ভবনে দরবারের পর, সোমবার রাজধানীতে একযোগে রাজপথে নামার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিরোধী নেতৃত্ব। সেই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।


ভোটপ্রক্রিয়ার নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তাল রাজধানী। গত মঙ্গলবার রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবদের নেতৃত্বে নির্বাচন সদন অভিযানে দিনভর সরগরম ছিল দিল্লির রাজপথ। এর পর শুক্রবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যায় বিরোধীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল, যেখানে মমতাও উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাখানেকের সেই বৈঠককে ইতিবাচক আখ্যা দেওয়ার পরেই এ বার আন্দোলনের অভিমুখ সুপ্রিম কোর্টের দিকে ঘুরিয়ে দিল বিরোধী জোট।


কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, সোমবার দিল্লিতে বড়সড় বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচির খুঁটিনাটি এখনও প্রকাশ্যে না আনা হলেও প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি তুলে দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। রাষ্ট্রপতির কাছে যাওয়া প্রতিনিধিদলই সুপ্রিম কোর্টেও আর্জি জানাতে যাবে।