মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক (Detained) হয়েছিলেন অভিনেতা ইমরান খান (Imran Khan)। এ বার তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিশ (Delhi Police)। ইমরান-সহ বিক্ষোভে আটক হওয়া একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার মুম্বইয়ের ক্রান্তি ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অভিনেতা। তাঁর সঙ্গে আটক করা হয়েছিল প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জেন মেরি খানকেও।
আরও পড়ুন: বিজয়কে পাশে নিয়ে মেট্রো উদ্বোধন মোদির, তামিলনাড়ুতে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্কের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচির সমর্থনে মুম্বইয়ের ক্রান্তি ময়দানেও প্রতিবাদে শামিল হন অনেকে। সেখান থেকেই ইমরান-সহ একাধিক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন মুম্বইয়ে ৪০০-রও বেশি মানুষকে আটক করা হয়েছিল। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, গাওদেবী থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২২৩ ধারা, যা সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়াও ১২৬(২) ধারায় অন্যায়ভাবে বাধা দেওয়া এবং ১৮৯(২), ১৮৯(৩) ও ১৮৯(৫) ধারায় বেআইনি জমায়েত সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। পুলিশকর্মীরাই এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।
আটক হওয়ার পর সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন ইমরান। পুলিশের ভ্যানের ভিতরে বসে থাকা নিজের একটি ছবি পোস্ট করে মজার ছলে তিনি লেখেন, “মনে হচ্ছে, গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি!” পরে পুলিশের উদ্দেশে তাঁকে ‘জয় হিন্দ’ বলতেও শোনা যায়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
অন্য একটি ভিডিয়োতে ইমরান জানান, কেন তাঁকে আটক করা হয়েছে, তা তিনি জানেন না। তাঁর কথায়, “সত্যি বলতে, কেন আমাকে আটক করা হয়েছে, তা আমি জানি না। ওঁরা আমাদের রাস্তা থেকে তুলে ভ্যানে বসতে বলেন।” অভিনেতার দাবি, ছেড়ে দেওয়ার আগে তাঁকে এবং অন্যদের প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশের ভ্যানে ঘোরানো হয়েছিল। বিক্ষোভে যোগ দেওয়ার কারণও স্পষ্ট করে দিয়েছিলেন ইমরান। তিনি জানান, কোনও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, মুম্বইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবেই প্রতিবাদে যোগ দিয়েছেন। তাঁর কথায়, “স্যার, আমার কোনও দাবি নেই। কারও কাছে কিছু দাবি করার মতো কোনও বিশেষ পরিচিতি আমার নেই। আমি কোনও সংগঠনেরও সদস্য নই। তাই কোনও সংগঠনের প্রতিনিধি হিসেবেও কথা বলছি না।”
রবিবার ইমরানকে ছাড়ার পর ইমরানের সঙ্গে আটক হওয়া লেখা ওয়াশিংটন এবং জেন মেরি খানও পুলিশের ভ্যানের ভিতর থেকে সমাজমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। পরে তাঁদের মুক্তি দেওয়া হয় বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তবে মুক্তির পরেও মামলা থেকে রেহাই মিলল না অভিনেতা-সহ একাধিক বিক্ষোভকারীর।















