শহরেই কি চলছিল বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারবার? গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নাদিয়াল থানার আয়ুবনগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সম্ভাব্য কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র, একাধিক কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে পুলিশ পৌঁছনোর আগেই পালিয়ে যায় এই কারবারে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি।

STF সূত্রে খবর, মঙ্গলবার রাতে আয়ুবনগরের ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি ৭ মিলিমিটার আগ্নেয়াস্ত্র এবং দু’টি দেশি বন্দুক। পাশাপাশি মিলেছে বিভিন্ন ধরনের জীবন্ত কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খোল এবং আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রী দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাড়িটিতে বেআইনিভাবে অস্ত্র তৈরির ব্যবস্থা ছিল। পুলিশ সূত্রে খবর, পলাতক সন্দেহভাজনের পরিচয় জানা গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তাঁকে গ্রেফতার করা গেলে এই কারবারের নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

কত দিন ধরে ওই বাড়িতে অস্ত্র তৈরি হচ্ছিল, তৈরি করা বন্দুক কোথায় সরবরাহ করা হত এবং এর সঙ্গে আর কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। এই বেআইনি কারবারের পিছনে কোনও সংগঠিত অস্ত্র পাচারচক্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে STF। ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস অনুসন্ধানের পাশাপাশি পলাতক অভিযুক্তকে ধরতে তদন্ত জোরদার করেছে পুলিশ।