অবশেষে জামিন পেলেন (Granted Bail) তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তদন্তে সহযোগিতা করার শর্তে এই জামিন দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। ফলে পুজোর আগেই তাঁর জেলমুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে,  এদিন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) জামিনের আবেদন খারিজ করেছে আদালত। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে স্বস্তি, স্থগিত ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে মাশুল

২০১৮ সালের একটি তোলাবাজির অভিযোগের ভিত্তিতে সব্যসাচীকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, এক স্থানীয় ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন তিনি। তাঁর হয়ে লোক পাঠিয়ে ওই টাকা চাওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ব্যবসায়ীর দাবি, দাবিকৃত টাকার মধ্যে ২ লক্ষ ৩০ হাজার টাকা তিনি দিয়েছিলেন। এই অভিযোগের তদন্তের সূত্রেই গ্রেফতার করা হয় সব্যসাচীকে। চলতি বছর জুন মাসের গোড়ায় বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। রাজারহাটের রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী একসময় ওই পুরসভার মেয়রও ছিলেন।

আরও পড়ুন: এখনও অধরা প্রশান্ত, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

গ্রেফতারের পর থেকেই জেল হেফাজতে ছিলেন তিনি। এর মধ্যে একাধিকবার জামিনের আবেদন করেও সাড়া পাননি। কলকাতা হাই কোর্টেও জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। তবে সেই সময় জামিন মেলেনি। শেষ পর্যন্ত মঙ্গলবার হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল। তবে তদন্তে সহযোগিতা করার শর্তেই এই জামিন দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পুজোর আগেই জেল থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সব্যসাচী দত্তের।