হাইজ্যাকের (Hijack) আশঙ্কায় তীব্র চাঞ্চল্য ছড়াল জয়পুর বিমানবন্দরে (Jaipur Airport)। জার্মানির ফ্রাঙ্কফুর্ট (Frankfurt, Germany) থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে বুধবার সকালে জরুরি অবতরণ করানো হয় রাজস্থানের জয়পুরে (Jaipur, Rajasthan)। বিমানটিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড, দমকল এবং জরুরি পরিষেবার দল। হাজির হন পুলিশের পদস্থ কর্তারাও। তবে সত্যিই বিমান হাইজ্যাকের চেষ্টা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। তদন্তকারীদের তরফেও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: চতুর্থীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা, ফুল কিনতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা- ভাইঝির!
বুধবার সকাল ৯টা ৫ মিনিট নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ উড়ান থেকে জরুরি সতর্কবার্তা আসে। এরপর বিমানটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। উড়ান চলাকালীন মুম্বইয়ের আকাশসীমার মধ্যে পাইলটের তরফে ৭৫০০ স্কোয়াক কোড ব্যবহার করা হয়েছিল বলে খবর। বিমান চলাচলের ক্ষেত্রে এই কোড বেআইনি হস্তক্ষেপ বা হাইজ্যাকের পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়।
আরও পড়ুন: ঋতব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে চিঠি রাজ্যের, তদন্তের খুঁটিনাটি জানাতে আর্জি কুণালের
জয়পুরে অবতরণের পর বিমানটিকে মূল এলাকা থেকে সরিয়ে নির্দিষ্ট নিরাপত্তা ঘেরাটোপে রাখা হয়। বিমানে বোমা থাকার হুমকির বিষয়টিও সামনে এসেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। বম্ব স্কোয়াড (Bomb Squad) এবং অন্যান্য নিরাপত্তা দল বিমানে তল্লাশি চালানোর প্রস্তুতি নেয়। তবে ঠিক কী কারণে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছিল, তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে পাইলট ভুল করে ওই কোড ব্যবহার করেছিলেন কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: কলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ! STF-এর অভিযানে উদ্ধার ৪ বন্দুক
ঘটনা নিয়ে এখনও এয়ার ইন্ডিয়ার (Air India) কোনও বিবৃতি পাওয়া যায়নি। বিমানে মোট কতজন যাত্রী ছিলেন, তা নিয়েও নিশ্চিত তথ্য সামনে আসেনি। ফলে আতঙ্কের প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখার পরই ঘটনার বিষয়ে স্পষ্ট ছবি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।















