পুজোর মুখেই বিষাদের ছায়া বর্ধমান শহরে। বুধবার সকালে ছ বছর বয়সী ভাইঝিকে (সোহানা সুলতানা) নিয়ে মইদুল মোল্লা নামে এক ব্যক্তি সাইকেলে করে বর্ধমান সদর থানা এলাকার বিরহাটা ঘড়িমোড়ের কাছে ফুলের দোকানে যাচ্ছিলেন। হঠাৎ করেই একটি ট্রাক্টর রাস্তার উলটো দিক থেকে ডিভাইডার টপকে তাঁদের গিয়ে ধেয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় ছিটকে পড়েন নাবালিকা ও তাঁর কাকা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মাতৃপক্ষের চতুর্থীর দিন এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোহানা স্থানীয় বিদ্যার্থী গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার তাঁর স্কুলে ফুল খেলা অনুষ্ঠান ছিল বলে সকালে কাকার সঙ্গে সাইকেল চেপে স্কুলের পথে ফুলের দোকানে যায়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। বেপরোয়া ট্রাক্টর অত্যন্ত দ্রুতগতিতে কাকা-ভাইজিকে ধাক্কা মারে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় বর্ধমান সদর থানার পুলিশ।ঘাতক ট্রাক্টরের চালককে পাকড়াও করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, কাকা ভাইজিকে ধাক্কা মারার আগে এক রিক্সাচালককেও ধাক্কা দেয় ট্রাক্টর। প্রাথমিক অনুমান চালক মদ্যপ ছিলেন। জখম রিক্সা চালক হাসপাতালে ভর্তি। সোহানা ও মইদুলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।