রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যেই দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। এ বার বারে (Bar) মদ্যপান করতে গিয়ে বিজেপি নেতা পরিচয়ে দাদাগিরির অভিযোগ উঠল উত্তর কলকাতা জেলা যুব মোর্চার (BJYM) সম্পাদক রাহুল গোস্বামীর (Rahul Goswami) বিরুদ্ধে। অভিযোগ, বারে গিয়ে বিজেপির নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন তিনি। তা নিয়েই বারের কর্মীদের সঙ্গে বচসা থেকে হাতাহাতি। শেষ পর্যন্ত মারও খেতে হয় ওই বিজেপি নেতাকে। সমাজমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, আর তাতেই ওই যুবককে দাদাগিরির অভিযোগে মারধরের শিকার হতে দেখা যাচ্ছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।
আরও পড়ুন: ঋষভ-প্রসিদ্ধের জন্য অপেক্ষা, পিছিয়ে গেল নিউজিল্যান্ড সফরের দল নির্বাচন
কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারির ঘনিষ্ঠ বলেই পরিচিত রাহুল। উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ। অভিযোগ, বারে মদ্যপান করতে গিয়ে নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে দাদাগিরি করতে শুরু করেন রাহুল। তাঁর আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেন বারের লোকজন। এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতি বাধে। সেই সময়ই মারধরের শিকার হন ওই বিজেপি নেতা বলে অভিযোগ।
আরও পড়ুন: যন্তর-মন্তরে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়: CJP-র পাশে দাঁড়িয়ে সাফ জানালেন রাহুল
রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এ বার বারে মদ্যপানকে কেন্দ্র করে দলের যুব নেতার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নতুন করে বিতর্ক বাড়াল।















