নিজের নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Trinamool MP Mahua Moitra)। তাঁর আবেদনের ভিত্তিতে এবার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (Union Ministry of Home Affairs) অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Saugata Bhattacharyya) জানান, ১৫ অক্টোবরের মধ্যেই এই সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আগামী দিনে সাংসদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের অবস্থানও আদালতের বিবেচনায় আসতে চলেছে।
আরও পড়ুন: পুজোর মুখে বিপাকে সোহম! খারিজ আগাম জামিনের আবেদন
মহুয়ার মূল দাবি, নিরাপত্তারক্ষী নিযুক্ত থাকলেও তাঁর সুরক্ষা সব সময় নিশ্চিত হচ্ছে না। আইনজীবী অর্ক নাগ আদালতে জানান, তাঁর মক্কেলের সঙ্গে একজন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক থাকলেও তিনি সারাক্ষণ সাংসদের পাশে উপস্থিত থাকেন না। সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি প্রয়োজন বলে দাবি করা হয়েছে। হামলার আশঙ্কার কথা জানিয়ে মহুয়া এখন সর্বক্ষণ নিরাপত্তারক্ষী রাখার ব্যবস্থা চাইছেন।
আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতির অভিযোগ! টুলু মণ্ডলের বিরুদ্ধে ৫২ পাতার চার্জশিট জমা
এই দাবির পিছনে রয়েছে কৃষ্ণনগরে (Krishnanagar) একাধিকবার হেনস্থার অভিযোগ। মহুয়ার অভিযোগ, কখনও দলীয় কার্যালয়ে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, কখনও আবার গাড়িতে যাতায়াতের সময় তাঁকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এর আগে তাঁর নির্বাচনী এলাকায় যাতায়াতের সময় দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু সেই ব্যবস্থার পরেও নিরাপত্তা নিয়ে নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন সাংসদ।
অন্যদিকে, রাজ্যের বক্তব্য, মহুয়া মৈত্রের নিরাপত্তা নির্ধারিত নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। বুধবার আদালতে রিপোর্ট পেশ করে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, সাংসদদের নিরাপত্তা সংক্রান্ত ‘ইয়েলো বুক’-এর বিধি অনুযায়ী মহুয়াকে এক্স ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছিল, একজন সাংসদের নিরাপত্তার ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করা হয়।
আরও পড়ুন: যন্তর-মন্তরে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়: CJP-র পাশে দাঁড়িয়ে সাফ জানালেন রাহুল
এই পরিস্থিতিতে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও মামলার আওতায় আনার আবেদন করেন মহুয়ার আইনজীবী। তাঁর বক্তব্য, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মন্ত্রকের ভূমিকা থাকায় তাদের বক্তব্যও আদালতের সামনে আসা জরুরি। সেই আবেদনে সম্মতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী ২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।















