টলিউড অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty) কি গ্রেফতার হতে পারেন পুজোর আগেই? কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগাম জামিনের আবেদন খারিজ হতেই বাড়ছে আশঙ্কা। অগ্রিম ১৫ লক্ষ টাকা নিয়েও অভিনয় না করার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। চতুর্থীর দিন এই মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। 

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। এই সময়ে সোহমকে নিয়ে সিনেমা করার কথা ভেবেছিলেন জনৈক পরিচালক। মুখ্য চরিত্রের জন্য অভিনেতা ১৫ লক্ষ টাকা নেন। কিন্তু তারপরও তিনি শ্যুটিংয়ে কাজ শুরু করেননি বলে অভিযোগ। দু'বছর পর প্রযোজক টাকা ফেরত চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে তৃণমূল সরকার ক্ষমতায় থাকার সময় সেই প্রযোজককে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও ভয় দেখানো হয়েছিল বলে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। জালিয়াতি ও প্রতারণার অভিযোগের প্রেক্ষিতেই আইনি পদক্ষেপ হিসেবে পুলিশের কাছে মামলা রুজু করা হয়। সেই মামলাতে আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেন সোহম। 

বুধবার উভয় পক্ষের কথা শোনার পর বিচারপতি বসাক (Justice Debanshu Bashak) সোহমের জামিনের আবেদন খারিজ করে দেন। যার জেরে পুজোর আগে অভিনেতার গ্রেফতারির আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। সোহমের তরফ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।