ফুটবলার দীপেন্দু বিশ্বাসের আচমকা বিদায়ের পর ফের বড়সড় ধাক্কা ‘বিগ বস বাংলা’র ঘরে। দর্শকদের সব জল্পনার অবসান ঘটিয়ে সপ্তাহের শুরুতেই শো থেকে বিদায় নিতে বাধ্য হলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত। কোনো প্রতিযোগী বা দর্শকদের ভোটে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত ও চিকিৎসা সংক্রান্ত কারণে মাঝপথেই বিগ বসের ঘর ছাড়লেন তিনি।
আরও পড়ুন: ICC ODI WC: বিরাট-রোহিত দলে থাকবেন? BCCI সভাপতি দিলেন বিশেষ শর্ত
ঝিলমের এই আকস্মিক বিদায়ের নেপথ্যে রয়েছে তাঁর গুরুতর শারীরিক অসুস্থতা। সূত্র মারফত জানা গিয়েছে, ঝিলমের গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। পাথরের আকার অনেকটাই বড় হওয়ায় চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তাঁর মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পরেই বিগ বস প্রতিযোগীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্তটি নেন এবং ঝিলমকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন: মোদি বিরোধী মন্তব্য মামলায় সাময়িক স্বস্তি রাহুলের, জারি সুপ্রিম স্থগিতাদেশ
রবিবারই শো থেকে বাদ পড়েছিলেন অনুষ্কা। সেই ধাক্কা সামলে ওঠার আগেই সোমবার রাতে কনফেশন রুম থেকে জীতু কমল ও ভরত কল ফিরে এসে বাকি সদস্যদের ঝিলমের চলে যাওয়ার খবরটি জানান। এই ঘোষণা শোনামাত্রই গোটা বিগ বস বাড়ি জুড়ে কান্নার রোল ওঠে। এতদিন যে মানুষটি তাঁর স্বভাবসুলভ রসবোধ, গান এবং লেখনী দিয়ে ঘর মাতিয়ে রেখেছিলেন, তাঁর এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছিলেন না। বিশেষ করে ঝিলমের ঘনিষ্ঠ বন্ধু নিরঞ্জন মণ্ডল এই খবর শুনে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন। ঘর ছাড়ার আগে ঝিলম নিজেও কান্না চেপে রাখতে পারেননি, শেষবারের মতো সবাইকে বুকে জড়িয়ে বিদায় নেন তিনি।
আরও পড়ুন: মহারাষ্ট্রে ‘ওয়াটার কার্ফু’! নাগপুর ও পুণেতে প্রশাসনের নজিরবিহীন কঠোর বিধিনিষেধ
বিগ বসের ঘরে ঝিলমের ‘ইঁদুর’ র্যাপ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছিল। যদিও গানটি যে তাঁর বিশেষ মানুষ অর্থাৎ পৌলমী গুহ-র লেখা তা তিনি নিজেই সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন। তবে ঝিলমের বিদায়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল সেই চেনা বিনোদন। ঝিলম নিজেও হয়তো নিজের এই বিদায়ের আভাস কিছুটা আগে থেকেই পেয়েছিলেন। সেই কারণেই বিদায় নেওয়ার আগে হাউসমেটদের জন্য একটি বিশেষ আগমনী গান ‘এই বাড়িতেও থাকতে এসো মা’ তৈরি করেছিলেন তিনি, যা গেয়েই সোমবার রাতে প্রতিযোগীরা অত্যন্ত ভারী মন নিয়ে তাঁকে বিদায় জানান।
আরও পড়ুন: এখনও অধরা প্রশান্ত, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
ঝিলমের মতো একজন শক্তিশালী ও বিনোদনদায়ক প্রতিযোগী এভাবে শো থেকে ছিটকে যাওয়ায় বিগ বসের বাড়ির সমীকরণ যে একধাক্কায় অনেকটাই বদলে গেল, তা বলাই বাহুল্য। এখন দেখার, ঝিলমের এই শূন্যতা কাটিয়ে বাকি প্রতিযোগীরা আগামী দিনে কীভাবে খেলায় টিকে থাকেন।















