দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) 'কুকথা' বলার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। এবার নিম্ন আদালতে চলা সেই মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সব পক্ষকে এক মাসের মধ্যে জবাব দিতে বলে একটি নোটিশও জারি করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: মহারাষ্ট্রে ‘ওয়াটার কার্ফু’! নাগপুর ও পুণেতে প্রশাসনের নজিরবিহীন কঠোর বিধিনিষেধ
২০১৮ সালের ২০ সেপ্টেম্বর রাজস্থানের একটি জনসভায় প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল। রাফায়েল যুদ্ধবিমান চুক্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে তিনি মোদিকে 'চৌকিদার চোর হ্যায়' এবং 'কমান্ডার ইন থিফ' বলে কটাক্ষ করেন। এরপরই মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালতে বিজেপি কর্মী শ্রীশ্রীমল কংগ্রেস সংসদের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন। ২০১৯ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাহুলের বিরুদ্ধে সমন জারি করতেই, বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হন সোনিয়া পুত্র। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে। দেশের শীর্ষ আদালতে যান রাহুল। মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি বিক্রম নাথ ও অপরেশ কুমার সিংয়ের বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকার এবং মামলাকারীর জবাব করে চার সপ্তাহ সময় দিয়েছে। ততদিন পর্যন্ত রাহুলের বিরুদ্ধে চলা মানহানি মামলার সব নির্দেশ ও কার্যক্রমের উপর স্থগিতাদেশ জারি থাকবে।















